বালিয়াডাঙ্গী ( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমতলা গ্রামের এক সনাতন ধর্মাবলম্বীর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত (৩০ জানুয়ারি) আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন আমতলা গ্রামের বাসিন্দা শ্রী রবীন্দ্রনাথ পাল। আগুন লাগার পর প্রথমে স্থানীয় গ্রামবাসীরা মোটরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।





