বান্দরবান পৌরশহরের টিএনটি পাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সুফিয়ান (৪০) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার মাথায় ফ্র্যাকচার ও একটি পা ভেঙে গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে বান্দরবান–কেরানীহাট সড়কের টিএনটি পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।আহত আবু সুফিয়ান বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকার বাসিন্দা এবং মৃত চেরাগ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি ট্রাক দ্রুতগতিতে কেরানীহাট থেকে বান্দরবানের দিকে আসছিল। অপরদিকে মোটরসাইকেলে দুজন আরোহী নিয়ে আবু সুফিয়ান বান্দরবান শহর থেকে নিজ এলাকায় ফিরছিলেন। টিএনটি পাড়া এলাকায় সড়কের বাঁক ঘোরার সময় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে মোটরসাইকেলটি চাপা পড়ে যায় এবং আবু সুফিয়ানের পা মুচড়ে গুরুতরভাবে ভেঙে যায়।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
বান্দরবান সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সহকারী আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারজানা চৌধুরী জানান, আহত ব্যক্তির মাথায় ফ্র্যাকচার এবং একটি পা গুরুতরভাবে ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ পারভেজ বলেন, ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





