বান্দরবান জেলার সাতকানিয়ায় জেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আবদুচ ছালাম আজাদের বিরুদ্ধে অন্যের জমি গায়ের জোরে দখলের অভিযোগ ওঠার পর মিরর নিউজের অনুসন্ধানটি নতুন তথ্য উন্মোচন করেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি জমির কাগজপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, জমিটি পৈত্রিক সূত্রে এস এম আবদুচ ছালাম আজাদ ও তার পরিবারের। সর্বশেষ রেকর্ড (খতিয়ান) অনুযায়ীও জমির মালিকানা তাদের নামে রয়েছে। এলাকাবাসীর বক্তব্য, স্বাধীনতার আগে থেকেই আব্দুস সালাম আজাদ এবং তার পরিবার এই জমিতে বসবাস করে আসছেন।
অভিযুক্ত এস এম আবদুচ ছালাম আজাদ বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন ভিডিও কেটে-মোড়ে রাজনৈতিক ও সামাজিক চরিত্র নষ্টের চেষ্টা চলছে।”
অপরদিকে, জমির মালিকানা দাবি করা পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কাছে নথিপত্র আছে বলে দাবি করা হলেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অভিযোগকারী মো. মুজিব জানিয়েছেন, নিলাম সূত্রে প্রাপ্ত জমির কাগজ রয়েছে, তবে তা প্রদর্শন করতে পারেননি।
স্থানীয়রা জানিয়েছেন, বহু প্রজন্ম ধরে জমির প্রকৃত মালিক এস এম আব্দুস সালাম আজাদ ও তার পরিবার। এই প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, জমি দখলের অভিযোগের পেছনে যথাযথ নথি নেই এবং এটি ভিত্তিহীন বলে স্থানীয়রা মত প্রকাশ করেছেন।





