বান্দরবান প্রতিনিধি: খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স এবং সার-সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ,বান্দরবান জেলা শাখা।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় বান্দরবান প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লামা উপজেলা সভাপতি আনিসুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি হোসেন, রোয়াংছড়ি উপজেলা সভাপতি নোমান, বান্দরবান সদর উপজেলা সভাপতি মোহাম্মদ তারেক এবং গোপাল দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফোরকান বলেন, “কেন্দ্রীয় কমিটির ঘোষণার ভিত্তিতে দেশের ৬৪ জেলার মতো বান্দরবানেও একই দিনে আমরা মানববন্ধন করেছি। আমাদের ন্যায্য অধিকার ও দাবি পুনর্বহাল করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”
তিনি আরও জানান, গত ২১ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে প্রধান উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আন্দোলনকারীদের দাবি নীতিমালা সংশোধন করে সার বিক্রেতাদের পরিচয়পত্র বহাল রাখা ও লাইসেন্স সংক্রান্ত জটিলতা দূর করা।





