রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ করে রাখেন চালকরা। এতে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল থেকেই সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, একটি দাবিকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। এর ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তিনি বলেন, এলাকাটিতে আগে থেকেই মেট্রোরেলের কাজ চলমান থাকায় যানজট রয়েছে, তার ওপর সড়ক অবরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।





