এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের সঙ্গী হিসেবে আছে ২০১৮ সালের রানার্সআপ ভিয়েতনাম। সেই সঙ্গে ‘সি’ গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন।
বৃহস্পতিবার (২৯মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ৪৪টি দল ১১টি গ্রুপে ভাগ হয়ে মূল পর্বের টিকেটের জন্য লড়বে। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মধ্যে সেরা চারটি দলের জন্য থাকছে মূল পর্বে খেলার সুযোগ।
এবারের আসর হবে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে। তাই এই আসরে বাছাইয়ে অংশ নিলেও মূল আসরে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে তারা।
এই আসরের সবশেষ সংস্করণে বাংলাদেশের অবস্থা মোটেই সুখকর ছিল না। সেবার গ্রুপ পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছিল তারা। বিদায় নিয়েছিল গ্রুপের টেবিলের তলানিতে থেকে।
এবারের আসরের বাছাই ১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৯ সেপ্টেম্বরে। নিজেদের প্রথম ম্যাচে ৩ সেপ্টেম্বর ভিয়েতনামের মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে যুবারা।





