ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ বলেছেন, ইইউ বাংলাদেশের সময়মতো, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর নতুনভাবে আস্থা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
মাইকেল মিলার বলেন, ইইউ আগামী জাতীয় নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে। তিনি এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে মঙ্গলবার নির্বাচন ভবনে বৈঠক করার পর।
গত সপ্তাহে নির্বাচন কমিশন আয়োজিত মক ভোটিং পরিদর্শনের অভিজ্ঞতা প্রসঙ্গ তুলে মাইকেল মিলার জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ সংক্রান্ত গণভোটের প্রস্তুতি দেখে তিনি মুগ্ধ। তিনি বলেন, নির্বাচন কমিশনের পেশাদারিত্ব এবং সক্ষমতার প্রতি ইইউর পূর্ণ আস্থা রয়েছে।
প্রথমবার ভোট দিতে আসা অনেক ভোটার এবং একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ার কারণে এ নির্বাচন চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলেও জানান তিনি। তবে ভোট গ্রহণের সময় বৃদ্ধি করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে তিনি যুক্তিসঙ্গত ও প্রশংসনীয় মনে করেন।
মাইকেল মিলার আরও বলেন, দেশের সব অংশীজনের উচিত বহু বছরের মধ্যে প্রথমবারের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুযোগকে গুরুত্বের সঙ্গে নেওয়া।





