বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিটি সংসদীয় এলাকায় নির্বাচন হবে। বাংলাদেশের সংবিধানে পিআর শব্দ নেই। তাই কেউ যদি নির্বাচন নিয়ে টালবাহানা বা বাধা সৃষ্টি করে, তা দেশের মানুষ মানবে না।
শনিবার (৩০ আগস্ট) নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।
সালাহউদ্দিন বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি এবং আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং কেউ এই নির্বাচনকে ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও স্বাধীনতার স্বার্থে কেউ নির্বাচনে বাধা সৃষ্টি করলে তা জনগণ মেনে নেবে না। সংবিধানে ৬৫ অনুচ্ছেদের ২ উপধারায় স্পষ্টভাবে নির্বাচনের নিয়ম উল্লেখ রয়েছে, তাই “নির্বাচন কীভাবে হবে তা সংবিধানে নেই” এমন দাবি ভিত্তিহীন।
সম্মেলনে নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল। এছাড়া বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর প্রমুখ।





