বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠিত হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি আরও বলেন, বাংলাদেশের রক্ষাকর্তা একমাত্র দল বিএনপি।
রোববার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
৩১ দফার সংস্কার নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। এই প্রক্রিয়ার মধ্যদিয়েই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে, যাতে নির্বাচন বিঘ্নিত করা হয় এবং বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখা যায়। তিনি দাবি করেন, কিছু দল বিএনপিকে ভোটে সাহায্য করলেও স্বাধীনতা এবং জাতীয় স্বার্থকে অবমূল্যায়ন করে, যা দেশীয় ষড়যন্ত্রের অংশ।
ভারত থেকে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে জানিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, ভারতের লোকসভায় শেখ হাসিনার গুণগান করে তাকে আবার ক্ষমতায় ফেরানোর অপচেষ্টা চলছে।
পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচনের সুষ্ঠু প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের কঠিন সময়ে আজকের বিএনপির জন্মদিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপ্লব আনা সম্ভব বিএনপির মাধ্যমে। তিনি যোগ করেন, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছে জাতীয়তাবাদ পতাকার মাধ্যমে।





