জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কাউকে মত চাপিয়ে দেওয়া হলে তা কখনোই সত্যিকারের ঐকমত্য হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ জুন) রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, \"সংস্কার কোনো বাইবেল নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। বিএনপিই সংস্কারের মূল প্রবক্তা। আর কত খানাপিনা খাইদাই হইলে সংস্কার হবে? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হবে — এমন ভাবনা থেকে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়।\"

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি বাস্তবসম্মত নয়। যারা এই পদ্ধতি চাচ্ছেন, তারা প্রকৃতপক্ষে নির্বাচন বিলম্বিত বা বানচালের উদ্দেশ্যেই তা করছেন।”

তিনি আরও বলেন, \"বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে সরকারকে দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে। এই মুহূর্তে স্থানীয় নির্বাচন উপযুক্ত নয়।\"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিকারকর্মী ও উপদেষ্টা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং বিএনপির প্রেস সচিব শফিকুল আলম।