বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে গণতন্ত্রকামী জনগণ সবসময় ছাত্রদলের পাশে থাকবে।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন,“এই মুহূর্তে আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ। তোমরাই আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের রূপকার। প্রবীণদের অভিজ্ঞতা ও তোমাদের বিচক্ষণতায় গড়ে উঠবে লাখো শহীদের স্বপ্নের বাংলাদেশ।”
তিনি আরও বলেন,“যদি তোমরা আগামী দিন সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আছে, এবং ভবিষ্যতেও থাকবে। মনে রাখবে, বাংলাদেশের জনগণই বিএনপির, তথা জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।”
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এই ছাত্র সমাবেশে তারেক রহমান আরও উল্লেখ করেন,
“দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজারো নেতাকর্মী হামলা, মামলা, জেল, গুম ও হত্যার শিকার হয়েছে। শুধু জুলাই অভ্যুত্থানেই চট্টগ্রামে ওয়াসিমসহ শতাধিক ছাত্রদল কর্মী শহীদ হন, আহত হন হাজারো। এই আন্দোলনে দুই হাজারের বেশি ছাত্রদল কর্মী গ্রেফতার হন।”
তিনি বলেন, “নির্মমতা, নিপীড়ন দিয়েও ছাত্রদলের অগ্রযাত্রা রোধ করা যায়নি। আজকের এই জনসমুদ্র তার প্রমাণ। ছাত্রদল ছিল, আছে এবং থাকবে— গণতন্ত্র পুনরুদ্ধারে সামনে থেকে নেতৃত্ব দিতে।”
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে সারা দেশ থেকে আসা ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখর ছিল চারপাশ।
ছাত্রদল জানায়, এই সমাবেশের মাধ্যমে তারা ‘শহীদদের প্রতি শ্রদ্ধা’ এবং ‘গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ’ পুনঃনিশ্চিত করেছে।





