ডাকসু ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসে চটকদারি কথা বলার রাজনীতি প্রায়শই জনগণের সঙ্গে প্রতারণার হাতিয়ার হয়ে এসেছে। কিন্তু ভবিষ্যতের বাংলাদেশে এমন রাজনীতি আর চলবে না।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহর নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, রাজনৈতিক দলগুলোকে হ্যাঁ ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিতে হবে। যারা না ভোটের পক্ষে অবস্থান নেবে, তাদেরকে দেশের জনগণ ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সঠিক জবাব দেবে।
তিনি আরও বলেন, পুরান ঢাকায় বহুবার জুলুম হয়েছে, পাথর দিয়ে মানুষ মারার ঘটনাও ঘটেছে। এই আসনে ন্যায্যতা ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহকে জয়ী করতে হবে।
ডাকসু ভিপি বলেন, জামায়াত ক্ষমতায় এলে ৪০ লাখ যুবকের চাকরি নিশ্চিত করা হবে। বর্তমানে দেশে ২৫ লাখ বেকার যুবক রয়েছে, যারা সবাই চাকরির সুবিধা পাবেন। দেশের যুবকেরা এই উদ্যোগের ওপর ভরসা রাখতে পারে, আর কোনো বেকার থাকবে না।





