বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচন পদ্ধতিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ছাড়া নির্বাচনে যেতে রাজি নয়। কারণ, তারা জানে জনগণের ভোটে ১০ আসনও পাবে না। তাই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো সম্ভব হবে না।”

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বালুর মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

রুমিন ফারহানা আরও বলেন, “আওয়ামী লীগের নিপীড়নমূলক শাসনের বিচার বিএনপি যতটা চায়, অন্য কোনো দল ততটা চায় না। কারণ, বাংলাদেশে রাজনৈতিক সংস্কার ও জবাবদিহিতার কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। দেশে যত নিপীড়ন-নির্যাতন হয়েছে, তার বড় অংশটাই বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেনি, তারেক রহমান বা বিএনপিকেও নয়। বিগত সরকারের সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে পর্যন্ত শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও ১০টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি খুনের মামলা। তবুও আমরা দলীয় আদর্শ ও নীতিতে অটল রয়েছি।”

সমাবেশে সভাপতিত্ব করেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন। এতে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।