বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। মনোনয়নটি এখন মার্কিন সিনেটের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।


\r\n

একই ঘোষণায় আরও কয়েকজন নতুন নিয়োগের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে বর্তমান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘের রাষ্ট্রদূত এবং সের্গেই গোরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।


\r\n

স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, ক্রিস্টেনসেন আগেও বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি স্টেট ডিপার্টমেন্টের পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন।


\r\n

তার বহুমুখী অভিজ্ঞতার মধ্যে রয়েছে- ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর, ২০১৫-২০১৬ সালে মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপকমিটিতে পিয়ারসন ফেলো, উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির সহকারী, ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্স ব্যুরোর সাইবার কো-অর্ডিনেটর, ম্যানিলায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক ডেপুটি কাউন্সেলর, সান সালভাদর ও রিয়াদে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক কর্মকর্তা এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে মার্কিন কনস্যুলেট জেনারেলে ভাইস কনসাল।


\r\n

পিটার হাস ২০২৪ সালের গ্রীষ্মে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব শেষ করেন। এরপর থেকে ঢাকায় কোনো রাষ্ট্রদূত নেই। এ সময়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সরা দায়িত্ব পালন করছেন। বর্তমানে লিসা জ্যাকবসন গত জানুয়ারি থেকে এ দায়িত্বে আছেন।