পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা ভারতীয় সব ভিসাকেন্দ্র সম্পূর্ণভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, ভিসা আবেদনের ক্ষেত্রে বিপুল সংখ্যক জাল নথি জমা পড়ছে। পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীরা সার্ভারে হ্যাকের চেষ্টা করে কৃত্রিম চাপ সৃষ্টি করছেন। এর ফলে প্রকৃত আবেদনকারীরা বৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না।
এ বিষয়ে হাইকমিশনার প্রণয় ভার্মা সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি আবেদনকারীদের বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে এবং দালালচক্র এড়িয়ে চলার পরামর্শ দেন।
ভারতীয় হাইকমিশনের তথ্যমতে, গত সপ্তাহে নিরাপত্তাজনিত কারণে ঢাকার আইভ্যাক একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কেন্দ্রটি পুনরায় চালু করা হয়। ওইদিন যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প তারিখে ভিসা আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও মানবিক বিবেচনায় চিকিৎসাসহ জরুরি ভিসাসেবা চালু রাখার চেষ্টা করছে ভারতীয় হাইকমিশন। এ কারণে ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীর আইভ্যাক কেন্দ্রগুলোতে ভিসা কার্যক্রম চলমান রয়েছে। তবে চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
১৮ ও ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে সহকারী হাইকমিশনারের প্রবেশপথে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।





