পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার কলারোয়া উপজেলার জেসমিন সুলতানা (৩৬) ও পারভীন খাতুন (৩৮), নওগাঁর বদলগাছি উপজেলার শিরিনা পারভীন (৩২) ও আমিনা আক্তার (৪০), এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার লাবলী আক্তার (৩০)।

বিজিবির তথ্য অনুযায়ী, তারা এক বছর ধরে ভারতের গুজরাটে বিভিন্ন বাসা ও বিউটি পার্লারে কাজ করছিলেন। কয়েক দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে প্রথমে শিলিগুড়িতে নিয়ে যায় এবং সেখান থেকে বিএসএফের কাছে হস্তান্তর করে।

আজকের পতাকা বৈঠকে বিজিবির বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম ও ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের কমান্ডার আরভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ফেরত আসাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, ‘বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পাঁচজন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। থানা পুলিশের মাধ্যমে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’