ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর জেলায় ভারত–বাংলাদেশ সীমান্তে দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য নিজের গুলিতেই আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে গত ২৩ ডিসেম্বর গভীর রাতে।


আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য হিসেবে ওই সীমান্ত এলাকায় ডিউটিতে ছিলেন।


কর্তৃপক্ষ জানায়, দায়িত্ব পালনকালে তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তার কাঁধে দুটি আঘাতের চিহ্ন পান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি পান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়।


সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হওয়ার খবরে শুরুতে চাঞ্চল্য সৃষ্টি হলেও পরে বিএসএফ কর্মকর্তাদের বরাতে পুলিশ জানায়, ঘটনাটি দুর্ঘটনাজনিত। কর্তব্যরত অবস্থায় নিজের বহন করা অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন।


ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়া টুডে