ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে আসামের ধুবরিতেও একটি নতুন সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময়েই সীমান্ত সংলগ্ন এই দুটি স্থাপনা তৈরি করেছে ভারত।
\r\nপ্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবনির্মিত ঘাঁটিটি পরিদর্শন করেন। সীমান্তের কাছেই গড়ে তোলা এই ঘাঁটির দ্রুত স্থাপনা ও কার্যক্রম শুরু করায় তিনি সেনাদের প্রশংসা করেন।
\r\nভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের এক্স (X) অ্যাকাউন্টে জানানো হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন ব্রহ্মাস্ত্র কর্পসের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
\r\nএর আগে তিনি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও অঞ্চলে “লাচিত বরফুকন” সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
\r\nইস্টার্ন কমান্ডের মতে, নতুন এই ঘাঁটি ও সামরিক স্টেশন স্থাপন অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ। পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।





