বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) প্রাঙ্গণে এক রোগীর স্বজন রাতুল চৌধুরীকে মারধরের অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মা‌য়ের চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের অনিয়মের প্রতিবাদ করায় তাকে টেনে-হিঁচড়ে প্রশাসনিক ভবনে নেওয়া হয় এবং সেখানে আনসার সদস্য ও কয়েকজন চিকিৎসক তাকে লাঠি ও রড দিয়ে মারধর করেন। এমনকি একপর্যায়ে তাকে উলঙ্গ করে পেটানো হয় বলে দাবি করেন তিনি। ঘটনার সময় তার মা বাইরে থেকে চিৎকার করলেও কেউ সহানুভূতি দেখায়নি।


\r\n

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। উপস্থিত রোগীর স্বজনরাও আনসার সদস্যদের আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, আনসার সদস্যদের ব্যবহার দিন দিন অমানবিক হয়ে উঠছে এবং সামান্য প্রতিবাদেই তারা হামলে পড়ছেন।


\r\n

তবে আনসার বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা দাবি করে, ওইদিন হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম নিতে গিয়ে দৈনিক সীমা অতিক্রম হওয়ায় সামান্য কথা কাটাকাটি হয়, এবং দুই ব্যক্তি রেজিস্ট্রার কক্ষে অনধিকার প্রবেশ করলে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। আনসার বাহিনীর দাবি, ভিডিওতে যেসব তথ্য প্রচার হয়েছে, তা বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। তারা ভিডিও প্রত্যাহারের দাবি জানিয়েছে।


\r\n

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি নিন্দনীয় এবং এর পেছনে রোগীর স্বজনদেরও কিছু দায় থাকতে পারে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন।