বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি আলাদা প্রজ্ঞাপনে ১৫ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুরে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনায় এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে বদলি করা হয়েছে। ডিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে এবিপিএন সদর দপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআইয়ের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মোহাম্মদ তারিক হাসান খানকে পিবিআইয়ে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।





