ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস (FT) দাবি করেছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত FT-এর অনুসন্ধানী ডকুমেন্টারি “Bangladesh’s Missing Billions: Stolen in Plain Sight”-এ এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার করে পাচার হয়েছে। পদ্ধতিগুলোর মধ্যে ছিল ওভার-ইনভয়েসিং, আন্ডার-ইনভয়েসিং, হুন্ডি ও বিদেশে সম্পত্তি কেনা, বিশেষ করে যুক্তরাজ্যে।
ডকুমেন্টারিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে। তবে তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে শতাধিক সম্পত্তির উল্লেখ করেছে FT, যার মধ্যে কয়েক শ’ জব্দ করেছে ব্রিটিশ অপরাধ দমন সংস্থা।
প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, সেনা গোয়েন্দাদের সহায়তায় ব্যাংক দখল ও ভুয়া ঋণের মাধ্যমে অর্থ পাচার হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আন্তর্জাতিক সহযোগিতায় তদন্ত চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, বিপুল অঙ্কের অর্থ ফেরত আনা কঠিন হলেও রাজনৈতিক সদিচ্ছা ও বৈশ্বিক সহযোগিতা থাকলে তা সম্ভব। অন্যদিকে সরকারপন্থি ব্যক্তিরা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।





