বাংলাদেশ জেল বিভাগের নাম পরিবর্তন করে 'কারেকশন সার্ভিসেস বাংলাদেশ' করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কারা মহাপরিদর্শক বলেন, কারাগারকে শুধুমাত্র শাস্তির জায়গা হিসেবে না দেখে একটি সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সেই লক্ষ্যে ‘বাংলাদেশ জেল’ এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ নামকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আইন-কানুন যুগোপযোগী করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’-এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, বন্দীদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে তারা নিজের খরচ নিজে বহন করতে পারবে এবং পরিবারের জন্যও অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারবে।
ধারণক্ষমতার বাইরে থাকা অতিরিক্ত বন্দীদের সংকুলানের জন্য নতুন করে দুটি কেন্দ্রীয় ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া কারা অধিদপ্তরে পোস্টিং বাণিজ্য বন্ধ করতে মেধা ও সততার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপ্রীতি ঠেকাতে প্রযুক্তিনির্ভর স্বচ্ছ পদ্ধতি চালু করা হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক। এতে দালালচক্র দুর্বল হয়েছে এবং ভুয়া পরীক্ষার্থীদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে।





