বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ’ আয়োজিত স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
\r\nহান্নান মাসউদ অভিযোগ করে বলেন, “এনসিপিকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস সেইফ এক্সিট নিতে চেয়েছেন। সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।”
\r\nতিনি আরও বলেন, “জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চাইছে। সরকার যদি এ সনদের স্বীকৃতি না দেয়, তাহলে আমরা সবাই ফাঁসির দড়িতে ঝুলে যাব। অথচ সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই।”
\r\nসংবিধানের উল্লেখ করে তিনি বলেন, “যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, সেটি বৈধতা পেয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদে। কিন্তু ওই অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এখন সরকার সেই অনুচ্ছেদে নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায় এনে নির্বাচন দিতে চাইছে। এটা আসলে গর্তে ঢুকে সেইফ এক্সিট নেওয়ার কৌশল।”
\r\nএনসিপির অবস্থান স্পষ্ট করে হান্নান মাসউদ বলেন, “আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে, ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না।”
\r\nসভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য আব্দুল জাহের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এবং নোয়াখালী ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান।





