বরিশালে ৩৩ বছর পর নদী থেকে উদ্ধার হলো রহস্যময় জাহাজ | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ৮ সেপ্টেম্বর, ২০২৫
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
বরিশালে ৩৩ বছর পর নদী থেকে উদ্ধার হলো রহস্যময় জাহাজ
নিউজ ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫
পড়ার সময়: 3 মিনিট
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদী থেকে প্রায় ৩৩ বছর আগে ডুবে যাওয়া জাপানি বাণিজ্যিক জাহাজ ‘এমবি মোস্তাবি’ উদ্ধার করা হয়েছে। জাহাজটি ১৯৯২ সালে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে বৈদ্যুতিক মালামাল নিয়ে যাচ্ছিল। ঝড়ে পড়ে নদীতে ডুবে যায়, তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শ্রমিকরা শুক্রবার (৫ সেপ্টেম্বর) মিঠুয়া গ্রাম সংলগ্ন নদী থেকে জাহাজের ইঞ্জিনসহ অন্যান্য মালামাল উদ্ধার করেন। দীর্ঘ সময়ে নদীর তলদেশে পলি জমে চর তৈরি হওয়ায় উদ্ধার কার্যটি জটিল হয়ে পড়েছিল।
খুলনার ‘অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট’ ঠিকাদারি প্রতিষ্ঠানটির সাব ঠিকাদার মো. ইউসুফ মিয়া জানান, ২০১২ সাল থেকে কয়েক দফা উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়। চার মাস আগে প্রায় পাঁচ একর জমি খনন করে এবং আধুনিক প্রযুক্তি, বিশেষ ক্রেন ও তিনটি শক্তিশালী বার্জ ব্যবহার করে জাহাজটি তোলা সম্ভব হয়।
উদ্ধারকাজে শতাধিক শ্রমিক কাজ করেন। জাহাজটির দৈর্ঘ্য ১৮০ ফুট, প্রস্থ ১৪ ফুট, উচ্চতা ১৭ ফুট। ইঞ্জিনসহ অন্যান্য দামি যন্ত্রাংশ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, জাহাজটি দীর্ঘ সময় ধরে দৃশ্যমান ছিল না, তবে চর তৈরি হওয়ায় তা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে আসে।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, “যথাযথ আইনি প্রক্রিয়া মেনে জাহাজটি উদ্ধার করা হয়েছে। এখন এটি কেটে বিক্রি করা হচ্ছে।”
বিআইডব্লিউটিএর বরিশালের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকী নিশ্চিত করেছেন, উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে এবং ব্যক্তিগত মালিকানাধীন নৌযান ডুবে গেলে সংস্থার নিলাম প্রক্রিয়া অনুসরণ করা হয়।