বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আশ্রয়ন প্রকল্প এলাকায় খাকদোন নদীর তীরে ৬২৮ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থের একটি রিং বেড়িবাঁধ উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ঝুঁকি কমাতে স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়।


মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রিং বেড়িবাঁধ পরিদর্শন ও বৃক্ষরোপণের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।


এ বাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার জোয়ারের পানি ও প্লাবনের ঝুঁকি থেকে সুরক্ষা পাবে বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সিফাত বিন সাদেক।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার গোলাম কিবরিয়া নায়েম, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।


ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন, পোটকাখালী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা দীর্ঘদিন জোয়ার-ভাটার পানির কারণে ভোগান্তিতে ছিলেন। এই রিং বেড়িবাঁধ নির্মাণ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


জাগো নারী-এর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, এই প্রকল্পের ফলে এলাকার নারী ও শিশুরা জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি থেকে নিরাপদ থাকবে। প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য জাপান সরকার এবং কারিগরি সহায়তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে ধন্যবাদ জানান তিনি।


প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রমে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে রমজান উপলক্ষে স্থানীয় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়ন ও বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় বরগুনা সদর উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ৪ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে পাঁচটি সড়ক পুনর্নির্মাণ করা হয়েছে, যা প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াত সুবিধা বাড়াবে।