দেশের রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচিত নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন সরকারের কার্যক্রম শুরুর দিনই বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়। ছবি সম্বলিত পোস্টে লেখা ছিল, “ধন্যবাদ! অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। ১৮ মাসের এই যাত্রায় আপনাদের সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কাছে অমূল্য। আন্তরিক ধন্যবাদ।”
পোস্টে উল্লেখ করা হয়, এটি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষে তার প্রেস উইং থেকে প্রকাশ করা হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপরই তার নামের ভেরিফায়েড ফেসবুক পেজ চালু করা হয়, যা পরিচালনা করতেন তার প্রেস উইং।
গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করে। এদিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিলে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার ভেঙে দেয়।





