প্রবীণ রাজনীতিক, লেখক ও গবেষক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


\r\n

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “বদরুদ্দীন উমর ছিলেন একজন খ্যাতিমান বামপন্থী চিন্তাবিদ, লেখক ও গবেষক। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি হিসেবে তিনি আমৃত্যু গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার ছিলেন।”


\r\n

শোকবার্তায় উল্লেখ করা হয়, ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণকারী বদরুদ্দীন উমরের বাবা আবুল হাশিম উপমহাদেশের একজন প্রভাবশালী মুসলিম জাতীয়তাবাদী নেতা ছিলেন। পারিবারিক ঐতিহ্য ও নিজস্ব চিন্তাশীলতার মিশেলে তিনি হয়ে ওঠেন এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।


\r\n

অধ্যাপক পরওয়ার আরও বলেন, ষাটের দশকে ধর্ম, রাজনীতি ও জাতীয়তাবাদ বিষয়ে বদরুদ্দীন উমরের লেখা বইগুলো মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ে সাংস্কৃতিক জাগরণ ও চেতনা গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এসব লেখার মাধ্যমে তিনি স্বাধীনতা আন্দোলনেও পরোক্ষভাবে প্রভাব রেখেছেন।


\r\n

২০২৫ সালে সরকার কর্তৃক তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করা হলেও, তিনি ব্যক্তিগত অবস্থান থেকে তা গ্রহণ করেননি—যা তার নীতি ও বিশ্বাসের প্রতিফলন বলে উল্লেখ করেন জামায়াতের এ শীর্ষ নেতা।


\r\n

মিয়া গোলাম পরওয়ার বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”