বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী চিন্তাবিদ, লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর বর্তমানে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হাসপাতালে পৌঁছে মির্জা ফখরুল কিছু সময় উমরের শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি উমরের বর্তমান চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

বিএনপির মহাসচিব জানান, বদরুদ্দীন উমরের দ্রুত আরোগ্য কামনা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে বদরুদ্দীন উমর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।