বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে এবং তা ঘূর্ণিঝড় ‘সেনিয়া’তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে তৈরি এই নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

আইএমডি জানিয়েছে, মালাক্কা প্রণালির কেন্দ্রীয় অংশে উচ্চস্তরের বায়ুচক্রবাতের কারণে আজ সকাল ৮টা ৩০ মিনিটে মালাক্কা প্রণালি ও দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়। এটি ২৪ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে বঙ্গোপসাগরে প্রবেশ করবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে, যার নাম ‘সেনিয়া’, অর্থ ‘সিংহ’। নামটি সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেনিয়ারের সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আন্দামান-নিকোবর, তামিলনাড়ু, কেরালা, লাক্ষাদ্বীপ ও অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ২৮ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি সতর্ক করে জানিয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।