কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—এই দুই নেতাকে ঘিরে কোনো ধরনের আপসের সুযোগ নেই। তিনি বলেন, “আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপস নয়।”

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাদের সিদ্দিকী এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “যারা ভালো থাকবে, কথা দিয়ে কথা রাখবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে—আমি তাদের গোলামি করতে রাজি। আমি আল্লাহর গোলাম, তারপর মানুষের গোলাম। এর বাইরে আমার কিছু নেই।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “তিনি একসময় বলেছিলেন মুক্তিযোদ্ধারা কথা বলতে চায়। আমিও মনে করি, কথা খুব শক্তিশালী। কিন্তু বাজে কথার কোনো মূল্য নেই। মূল্যবান কথা কতটা ভারী—তা পরিমাপ করা যায় না।”

মুক্তিযুদ্ধ ও জাতীয় নেতাদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কাদের সিদ্দিকী বলেন, “আমরা চাই, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপস হোক না। ‘জয় বাংলা’ আমাদের কণ্ঠের শ্লোগান, এটিও কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ হতে পারে না।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সবাই তার কর্মী। বঙ্গবন্ধু কিংবা জিয়াউর রহমান—এই দুই নেতাকে নিয়ে কোনো আপস চলবে না। আমরা স্বাধীনতা রক্ষা করতে চাই, নতুন করে স্বাধীনতা বানাতে চাই না।”

এসময় তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের পতনের জন্য দায়ী বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে—আমি তাদের সাধুবাদ জানাই।”

বঙ্গবীরের বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় নেতৃত্ব নিয়ে তার আপসহীন মনোভাব।