বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণকাজ চলাকালে একটি হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত চার শ্রমিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খনিহারা গ্রামে ‘ম্যাক ফেয়ার’ নামের একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রাত ৮টার পর হঠাৎ ছাদ ধসে পড়লে সেখানে কর্মরত শ্রমিকরা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

তারা চারজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। রাত ১০টার দিকে ধসে পড়া ভবনের পলেস্তারা ও বিম সরিয়ে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।