বগুড়া প্রতিনিধি: মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
\r\nবুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি) বগুড়া ও মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বহুদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও তা কার্যকর না হওয়ায় তারা গভীর হতাশা প্রকাশ করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন। বক্তব্য দেন এমটিএফ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ এরশাদ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদশা, হায়দার আলী, ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মেহেদী হাসান ফাহাদ, বৈষম্য বিরোধী পরিষদের জেলা সভাপতি শাহজাহান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও ১০ম গ্রেড বাস্তবায়ন হয়নি। তাই অতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।





