বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিজিটাল প্রচারণার গাড়ি বুধবার সকালে বগুড়ায় পৌঁছেছে। সকাল থেকেই এই প্রচারণাকে ঘিরে শহরে ব্যাপক আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা যায়।

সকাল ১১টার দিকে দাঁড়িপাল্লার প্রতীকসংবলিত ডিজিটাল প্রচারণার গাড়িটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এসে পৌঁছালে সেখানে জড়ো হন শত শত মানুষ। গাড়িটি ঘিরে ধরে সাধারণ মানুষ স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন এই ব্যতিক্রমী প্রচারণার মুহূর্ত।

বগুড়া-৬ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল প্রচারণার গাড়িতে উঠে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তিনি দুই হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।

জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন,
“সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার ঢেউ এখন বগুড়াতেও স্পষ্ট। বগুড়ার মানুষ দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট দলকে ভোট দিয়ে অবহেলা ও বঞ্চনা ছাড়া কিছুই পায়নি। এবার তারা পরিবর্তন চায়।”

তিনি আরও বলেন, শহর থেকে গ্রাম—সবখানেই পরিবর্তনের আওয়াজ উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বগুড়াবাসী একটি নতুন ইতিহাস রচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়া শহরে প্রচারণা কার্যক্রম শেষ করে ডিজিটাল প্রচারণার গাড়িটি পরে উত্তরাঞ্চলের উদ্দেশে যাত্রা করে।