বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। সোমবার (১৬ মার্চ) দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের পর বগুড়া জেলা পরিষদ, জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আহসানুল তৈয়ব জাকিরকে বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরে সক্রিয় আহসানুল তৈয়ব জাকির বর্তমানে বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি সোনাতলা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সোনাতলা উপজেলা বিএনপির চারবারের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সোনাতলা পৌরসভার সাবেক প্রশাসক এবং সোনাতলা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বগুড়া জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।