বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমানের কাছে তিনি মৌখিক অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার ও অন্যান্য প্রচার সামগ্রী ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে।
অধ্যাপক আব্দুল মতিন অভিযোগের বিষয়ে বলেন,
“এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং মাঝিড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান অভিযোগ গ্রহণ করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।