মাইন উদ্দিন বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে সেচ মালিক আব্দুল লতিফ আকন্দ (৬৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে পার্থ সিংহ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা ভাল্লুকমারী গ্রামের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সেচ স্কিমের দখল নেওয়াকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযুক্ত পার্থ সিংহ নিজেই হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লতিফ আকন্দ প্রতিদিনের মতো ২৮ মার্চ রাতে নিজের শ্যালো মেশিনঘরে ঘুমাতে যান। তার বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত ওই মেশিনঘর থেকেই পরদিন সকালে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে শহীদ মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নেমে পুলিশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। পরে পাঁচমাইল এলাকায় এক কিশোর সেটি কুড়িয়ে পায়। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশের অনুসন্ধান এগিয়ে যায়।
অবশেষে ৩০ মার্চ সন্ধ্যায় জামালপুর এলাকা থেকে পার্থ সিংহকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়েছে।
গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হোসেন জানান, সেচ স্কিমের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।





