নিউজ ডেস্ক: বেপরোয়া গতি, অসচেতনতা আর নিয়ন্ত্রণহীন সড়ক এই তিনের দৌরাত্ম্যে আবারও প্রাণ গেল ২৭ জন মানুষের। গত সেপ্টেম্বর মাসে বগুড়া জেলায় ঘটে ৩৪টি সড়ক দুর্ঘটনা, যা স্থানীয় সড়ক নিরাপত্তার চিত্রকে আরও করুণ করেছে।
শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন-এর মাসিক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই চিত্র। সংস্থাটি জানায়, গত সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। এর মধ্যে বগুড়া অন্যতম দুর্ঘটনাপ্রবণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের হার সর্বোচ্চ ৩৪ শতাংশেরও বেশি। এই যানই এখন প্রাণহানির সবচেয়ে বড় কারণ। প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, অদক্ষ চালক এবং ট্রাফিক আইন অমান্য এই চারটি কারণই অধিকাংশ দুর্ঘটনার মূলে।
রোড সেফটি ফাউন্ডেশন মনে করে, দুর্ঘটনা কমাতে দক্ষ চালক তৈরির উদ্যোগ, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন কাঠামো, এবং সড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি এখন সময়ের দাবি। পাশাপাশি, স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন ও সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের ওপরও জোর দিয়েছে সংস্থাটি।
সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “প্রতিদিনের এই মৃত্যু মিছিল বন্ধ করতে হলে চালক ও পথচারী উভয়ের সচেতনতা বাড়াতে হবে। শুধু আইন নয়, মানবিক দায়বদ্ধতাও হতে হবে আমাদের মূল শক্তি।” প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে। বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং পথচারীদের অসচেতনতা এখন দুর্ঘটনার নতুন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।





