মাইন উদ্দিন বগুড়া জেলা প্রতিনিধি:
রমজানের পবিত্র আবহে মুখর হয়ে উঠেছে বগুড়ার শাজাহানপুর। পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ বুলেটিন–এর উদ্যোগে আয়োজিত রিয়েলিটি শো “কুরআনের ছায়াতলে” শীর্ষক ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় SEO Expert Bangladesh Ltd.-এর হল অডিটোরিয়ামে আয়োজিত এ পর্বটি প্রাণবন্ত ধর্মীয় আয়োজনে পরিণত হয়। পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতে পুরো মিলনায়তন জুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন মাদ্রাসার প্রধান ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান সংবাদ বুলেটিনের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন এবং সম্পাদক নজরুল ইসলাম মিলন। আয়োজকদের আন্তরিক অভ্যর্থনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে দেখা যায় বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।
মাওলানা আব্দুল হান্নান বিন খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও আব্দুর রাজ্জাক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। বিচারকের দায়িত্ব পালন করেন দুবলাগাড়ী বাবে মদিনা নূরানী মাদ্রাসার পরিচালক মোঃ রেজওয়ান হোসাইন খাঁন এবং বগুড়া লতিফপুর আল হাসনা বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা খাদেমুল ইসলাম।
বাছাই পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ কণ্ঠে কুরআনের আয়াত তিলাওয়াত করেন। তাদের তিলাওয়াত মূল্যায়ন করা হয় শুদ্ধ উচ্চারণ, তাজবিদের প্রয়োগ, সুরের মাধুর্য ও উপস্থাপনার দক্ষতার ভিত্তিতে।
উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষায় অনুপ্রাণিত করার একটি মহৎ উদ্যোগ। ধর্মীয় মূল্যবোধ চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই ক্বিরাত প্রতিযোগিতা ইতোমধ্যে শাজাহানপুরে ব্যাপক সাড়া ফেলেছে।
আয়োজক সূত্রে জানা যায়, বাছাই পর্ব শেষে নির্বাচিত ১৮ জন প্রতিযোগীকে নিয়ে শিগগিরই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। সেখানে সেরাদের মধ্য থেকে সেরা নির্বাচন করা হবে। রমজানের পবিত্র মাসে এমন ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।





