এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ডের কারণে বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের সিদ্ধান্তকে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের উদাহরণ হিসেবে দেখেছেন সাদিক কাযেম।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রুহুল কবির রিজভী বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল রাজনীতির একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ ও বিতর্ক থাকলেও যাচাইবিহীন তথ্য, ভুয়া ছবি কিংবা কৃত্রিমভাবে তৈরি কনটেন্ট দিয়ে কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
সাদিক কাযেম আরও বলেন, এই জায়গায় রিজভীর অবস্থান সংশোধন ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা দেবে এবং রাজনৈতিক অঙ্গনে দায়িত্বশীল আচরণের মানদণ্ড তৈরি করবে।
একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশপন্থার রাজনীতিতে আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররাই কমন শত্রু। তাদের বিরুদ্ধে সজাগ থেকে নিজ নিজ রাজনৈতিক মত-পথ অনুসরণ করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এছাড়া ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের একটি পোস্টে শব্দচয়ন নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেন সাদিক কাযেম। গঠনমূলক সমালোচনা ও পরামর্শের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।





