গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা দেশের সূর্যসন্তান, জাতি তাদের আজীবন স্মরণ করবে। ফ্যাসিবাদ পরাজিত হলেও ষড়যন্ত্র শেষ হয়নি, এখনও তা চলমান। দেশের যুবসমাজ ও জনগণ মিলে সেই ফ্যাসিবাদকে প্রতিহত করবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাটোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শহিদ পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তবে সব আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। বিচার ও সংস্কারের কাজ চলছে, এবং ধীরে ধীরে বিচার কার্যক্রম দৃশ্যমান হচ্ছে। সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে যাচ্ছে। আশা করি এই সরকার বিচার ও সংস্কারের অগ্রগতি নিশ্চিত করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করবে এবং নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করবে।”

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যরা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই সনদ প্রণয়ন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আক্তার, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা।

এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান, সচিব নজরুল ইসলাম, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা পাঁচ শহিদের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।