দ্বিতীয় দিনের মতো আজও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে একটি বৈঠক। নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
সকাল ৯টার পর তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয়ে যান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্থায়ী কার্যালয় এবং যমুনা ভবনের মেরামতকাজ চলমান থাকায় আপাতত কয়েকদিন সচিবালয় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
এ ছাড়া দুপুর ২টায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, নদী ও খাল খনন এবং জলাধার পুনরুদ্ধার কর্মসূচি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা করবেন প্রধানমন্ত্রী। পরিবেশ ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয় নিয়েই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।





