নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে লাগা আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকায় আজিজ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪), এবং তার মা জরিনা বেগম (৬৫)।
দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ হওয়ার কারণে ঘরে গ্যাস জমে ছিল। ঠিক সেই সময় মোবাইল চার্জার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর দাউদাউ করে জ্বলে ওঠে।
তিনি জানান, শনিবার ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। রুমে ঢুকতেই আগুনে তিনি ঝলসে যান। একই সঙ্গে ঘরে থাকা তার মা ও দুই মেয়ে আগুনে দগ্ধ হন। দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তারা বের হতে পারেননি। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রতিবেশী শরিফ মিয়াও ধারণা করেন, চার্জার বিস্ফোরণের পর জমে থাকা গ্যাসে আগুন লেগেছিল।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আলাউদ্দিনের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বর্তমানে ওয়ার্ডে চিকিৎসাধীন।
\r\n\r\n\r\n\r\n\r\n\r\n
সোনারগাঁ থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দগ্ধদের স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।





