ময়মনসিংহে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সংস্কৃতিকর্মী শামীম আশরাফ (৩৮)–কে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরের আমলাপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, শামীম আশরাফ নিজের ফেসবুক পোস্টে এক ব্যক্তির মন্তব্যের জবাবে ধর্ম অবমাননাকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। সোমবার দুপুরে পোস্টটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেপ্তার ও বিচার দাবি করে অনেকে স্ট্যাটাস দেন।

পরে রাতেই ডিবি পুলিশ তাকে আটক করে। আটক হওয়ার আগে তার ফেসবুক পেজ থেকে একটি পোস্টে তিনি লেখেন, “আমার কমেন্টে কেউ ব্যথা পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

জেলা ডিবির (দক্ষিণ) ওসি মহিদুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর মন্তব্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। শামীম আশরাফকে থানায় হস্তান্তর করা হয়েছে, আদালতে পাঠানো হবে।”