অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি সিসা বার থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান বারিধারায় সিসা বার পরিচালনা করছিলেন। ওই বার থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় থাইল্যান্ডগামী ফ্লাইট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত সেলিম প্রধান গত বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে দণ্ডিত হওয়ায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল হয়।

সম্প্রতি গঠিত বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)-র প্রধান উপদেষ্টা হিসেবেও আলোচনায় ছিলেন তিনি।