অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক শেষে যৌথ বিফিংয়ে এ কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, অর্থনীতিসহ সব বিষয়ে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এসময় তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকট নিয়েও এই ব্রিফিংয়ে কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। এই সংকট সমাধানে আঞ্চলিক সংগঠন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সহায়তা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এই সমস্যার টেকসই সমাধানে আসিয়ান ভূমিকা রাখবে।
বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনুস গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন বলে মন্তব্য করেন মালয়শিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। দ্বিপাক্ষীক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।
প্রধান উপদেষ্টার এই তিন দিনের সফরের এটি ছিল প্রথম দিনের কর্মসূচি। সফরের বাকি সময়জুড়ে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।





