ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে ২৯ বিজিবি।
মঙ্গলবার দুপুর ২ টায় ২৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি।
তিনি জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ছয়টি উপজেলা ও সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে।
একই সঙ্গে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সীমান্ত দিয়ে একটি বড় মাদক চালানের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা ছিল। এ তথ্যের ভিত্তিতে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাকারবারিদের ধরতে সক্রিয়ভাবে কাজ করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ৩ ফেব্রুয়ারি রাতে মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে বিজিবির টহল দল কৌশলগতভাবে ওঁত পেতে অবস্থান নেয়।
পরদিন ৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে টহল দল তাদের ঘেরাও করার উদ্যোগ নেয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ছয়টি মালামালভর্তি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধারকৃত বস্তাগুলো থেকে ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল জব্দ করা হয়।
তিনি আরো বলেন সীমান্তকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





