ঠাকুরগাঁও(বালিয়াডাঙ্গী )প্রতিনিধি: বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। প্রথম রোজার দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা আমজানখোর  ইউনিয়ন এর স্কুল হাট বাজার এলাকাজুড়ে ফুটপাত ভরে উঠেছে রকমারি ইফতারের দোকানে।


দুপুর গড়াতেই শুরু হয় ব্যস্ততা। বিকেল হতে না হতেই বাজারজুড়ে ছড়িয়ে পড়ে ভাজাপোড়া ও মসলার ঘ্রাণ। দোকানগুলোতে দেখা যায় পিয়াজি, বেগুনি, চপ, রসুনের চপ, জিলাপি, হালিম, তেহারি ও বিরিয়ানির সমারোহ। টেবিলের উপর সাজানো নানা রঙের ইফতারি যেন ক্রেতাদের হাতছানি দিয়ে ডাকছে।


ইফতারের আগে বাজারে নেমে আসে মানুষের ঢল। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে ইফতার করবেন বলে প্রয়োজনীয় সব কিছু কিনে বাড়ির পথে রওনা দেন। আবার কেউ কেউ দোকানেই বসে ইফতার করার প্রস্তুতি নেন। দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গেও অনেককে একত্রে ইফতার করতে দেখা যায়।


এক ইফতার বিক্রেতা জানান, “আজ প্রথম রোজা  ভালো বেচাকেনা হচ্ছে। প্রতিদিনই মানুষের ভিড় বাড়বে।”

স্থানীয়দের মতে, রমজান এলেই বাজারটি যেন নতুন প্রাণ ফিরে পায়। কেনাবেচার পাশাপাশি তৈরি হয় মিলনমেলা—পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সাথে দেখা-সাক্ষাৎ, গল্প আর একসাথে ইফতার করার আনন্দে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।

রমজানের প্রথম দিনেই এমন প্রাণচাঞ্চল্যে খুশি ব্যবসায়ী ও ক্রেতা—সবাই। পুরো বাজারজুড়ে যেন একটাই অনুভূতি, রোজার ইফতার মানেই আনন্দ ভাগাভাগি করার সময়।