বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান ফিলিস্তিনের চলমান পরিস্থিতির প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেন, দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলি আগ্রাসনে হাজারো মানুষ নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে বিপুল অবকাঠামো। তিনি দাবি করেন, গাজায় দুর্ভিক্ষ চলছে এবং ইসরাইলি দখলদারিত্ব শুধু ফিলিস্তিন নয়, বিশ্ব শান্তি ও মানবতার জন্যও হুমকি। জাতিসঙ্ঘ ও ওআইসিসহ বিশ্ব সম্প্রদায়কে তিনি এ আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দল-মত-নির্বিশেষে সমর্থন রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ফিলিস্তিন যেন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে, সেটিই বাংলাদেশের মানুষের প্রত্যাশা বলে জানান তিনি।

রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান বলেন, বাংলাদেশের জনগণের ভালোবাসা ও সহযোগিতা ফিলিস্তিনি জনগণ গভীরভাবে উপলব্ধি করে। তিনি আশা প্রকাশ করেন, এ সমর্থন ও সহমর্মিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।