ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের শীর্ষ তিনজন নেতা। বৈঠকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থনের পাশাপাশি বাংলাদেশে পড়াশোনা করা ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নাহিদ ইসলাম।


রোববার রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার চৌধুরী এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।


দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন নাহিদ ইসলাম। এছাড়া, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীর জন্য সুযোগ সৃষ্টি করতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।