ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হত্যার নির্দেশ দেওয়া উচিত—এমন প্রকাশ্য হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
সোমবার নেসেটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে পিএ নেতাদের “বেছে বেছে হত্যা” করা উচিত এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেপ্তার করতে হবে। তার দাবি, পিএর উর্ধ্বতন কর্মকর্তারা “সবদিক থেকেই সন্ত্রাসী”।
মিডল ইস্ট আই জানায়, যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার পক্ষে নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার আগে তিনি এই মন্তব্য করেন। পরিকল্পনার সর্বশেষ খসড়ায় ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার কথা যুক্ত হয়েছে, যা আগের সংস্করণে ছিল না।
ফিলিস্তিন কর্তৃপক্ষ বেন-গভিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এক্সে প্রকাশিত বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য নিয়মিত উস্কানি সৃষ্টি করে এবং আঞ্চলিক শান্তিকে ঝুঁকির মুখে ফেলে। তাদের মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এসব মন্তব্যের জন্য বেন-গভিরকে জবাবদিহির আওতায় আনা।
ইসরায়েল শুরু থেকেই সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে। রোববার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বলেন, যে কোনো ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতায় তাদের অবস্থান অপরিবর্তিত।
ইসরায়েলের নেতারা ভবিষ্যৎ কোনো ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন। গত রোববার মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যে কোনো ভূখণ্ডে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি।’





